https://www.voiceofpeople24.com/

4624

sylhet

সিলেট

ইয়াং স্টার ক্লাব ও রোটারি ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মানবিক সহায়তা

প্রকাশিত : ০৯ জুলাই ২০২৬ ১৯:৫৩

উপহার বিতরণ করছেন ইয়াং স্টার ক্লাবের নির্বাহী সদস্য - মো: কামরুল ইসলাম

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগের আয়োজন করেছে *অ্যাক্সেস টু লাইট (ACCESS TO LIGHT) স্কুল*। ইয়াং স্টার ক্লাব ও রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ইউনিফর্ম, টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুল ইউনিফর্ম। নতুন পোশাক পেয়ে আনন্দে ভরে ওঠে শিশুদের মুখ। তাদের হাসি আর উচ্ছ্বাসে প্রাণ ফিরে পায় পুরো স্কুল প্রাঙ্গণ।

এ সময় শিশুদের দাঁতের সঠিক যত্ন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে আয়োজন করা হয় মুখগহ্বরের পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ। স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে প্রতিটি শিশুকে উপহার দেওয়া হয় একটি করে টুথব্রাশ ও টুথপেস্ট।

স্কুল কর্তৃপক্ষ জানান, এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তাদের সহযোগিতাতেই শিশুদের মুখে ফুটেছে নির্মল হাসি—যা এ আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি।

নতুন ইউনিফর্ম পেয়ে শিক্ষার্থীরা জানায়, তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকলে তারা আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে বলে আশা প্রকাশ করে।

ইয়াং স্টার ক্লাবের নেতৃবৃন্দ বলেন, "মানবতাই আমাদের লক্ষ্য"—এই আদর্শকে ধারণ করেই তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাবেন। একইসঙ্গে রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার-এর প্রতিনিধিরাও জানান, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।এসময় ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক রাসেল আহমেদ, অর্থ সম্পাদক ফুজায়েল আহমদ এবং নির্বাহী সদস্য মো কামরুল ইসলাম ।

আয়োজকদের বিশ্বাস, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত অংশগ্রহণই পারে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং একটি শিক্ষিত, সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে।