https://www.voiceofpeople24.com/

4619

sylhet

সিলেট

সিলেটে বাণিজ্যমন্ত্রী–মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতায় জোর

প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬ ১২:১১

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তাঁর প্রতিনিধিদল। মঙ্গলবার সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে সিলেটের উন্নয়ন, পর্যটন খাতের সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তি, দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি, বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, আলোচনায় সিলেটের সমৃদ্ধ ঐতিহ্য ও পর্যটন খাতের বিকাশে সম্ভাব্য সহযোগিতার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের উন্নয়ন ত্বরান্বিত করার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিশেষ করে সিলেটে মার্কিন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত সংলাপ ও মতবিনিময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।