https://www.voiceofpeople24.com/

4621

sylhet

সিলেট

মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬ ১৮:১৪

অব্যাহত বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে মৌলভীবাজারের কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে বুধবার দুপুর পর্যন্ত নদীগুলোর পানি বিপৎসীমার নিচেই রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার বিভিন্ন এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

নদীর পানি বাড়ায় জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, টানা বৃষ্টিতে অনেক নিচু এলাকা ইতোমধ্যে পানিতে তলিয়ে যেতে শুরু করেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ৩০ ঘণ্টায় জেলায় ১০৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী কয়েক দিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি দ্রুত বাড়ছে। মনু ও ধলাই নদীর কয়েকটি প্রতিরক্ষা বাঁধ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উজানে আরও ভারী বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, বর্তমানে নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর মতে, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই; বৃষ্টিপাত কমে গেলে নদীর পানিও ধীরে ধীরে নেমে আসবে।