https://www.voiceofpeople24.com/
4620
sylhet
প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬ ১২:৩১
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম (৫২) ইউনিক পরিবহনের চালক। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। অপরদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ইউনিক পরিবহনের চালক তাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া লাকি পরিবহনের চালকসহ উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।