https://www.voiceofpeople24.com/
4623
whole-country
প্রকাশিত : ০৯ জুলাই ২০২৬ ১৩:৩২
টানা ভারী বর্ষণের ফলে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামা উপজেলায় পৃথক পাহাড়ধসের ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে চকরিয়ায় দুই শিশু এবং লামায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন প্রাণ হারান।
বুধবার গভীর রাতে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকার ডেবলতুলি গ্রামে পাহাড়ধসে দুটি ঘর ক্ষতিগ্রস্ত হলে তৌসিফ উদ্দিন (১৩) ও রুমি আক্তার (১৪) নিহত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, পরিবারগুলো পাহাড়ের পাদদেশে বসবাস করছিল।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় পাহাড়ের ঢাল ধসে দুটি বসতঘর মাটিচাপা পড়ে। এতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, কয়েক দিনের টানা বৃষ্টিতে এলাকায় আরও পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে।
এদিকে, ভারী বর্ষণ ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের সাত উপজেলায় ১২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ২১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচিত।