https://www.voiceofpeople24.com/

4635

economy

অর্থনীতি

৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদে প্রতিদিন ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬ ১৫:০১

সৌদি আরবের নতুন জাতীয় এয়ারলাইনস রিয়াদ এয়ার আগামী ৭ আগস্ট থেকে ঢাকা ও রিয়াদের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে যাত্রীদের জন্য টিকিট বিক্রি শুরু করেছে সংস্থাটি।

এয়ারলাইনটির পক্ষ থেকে জানানো হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে প্রতিদিন এই ফ্লাইট পরিচালিত হবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, রিয়াদ থেকে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে উড়োজাহাজটি ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। একইভাবে ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদে অবতরণ করবে।

রিয়াদ এয়ারের মতে, নতুন এ রুট চালুর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন এবং দুই দেশের যাত্রী চলাচলেও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া রিয়াদকে ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহার করে যাত্রীরা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে এয়ারলাইনটির বৈশ্বিক নেটওয়ার্ক ও কোডশেয়ার অংশীদারদের মাধ্যমে সহজেই ভ্রমণ করতে পারবেন।

যাত্রীরা এয়ারলাইনটির অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টদের কাছ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া ‘স্ফিয়ার’ লয়্যালটি প্রোগ্রামের ফাউন্ডিং মেম্বার হিসেবে নিবন্ধন করলে বিনামূল্যে ইন-ফ্লাইট ওয়াই-ফাই, রিওয়ার্ড পয়েন্ট এবং অন্যান্য বিশেষ সুবিধা পাওয়া যাবে।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে বিজনেস এলিট, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি—এই চার ধরনের আসনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি আসনে ব্লুটুথ অডিও, ইউএসবি চার্জিং পোর্ট এবং আধুনিক ইন-ফ্লাইট বিনোদন সুবিধা থাকবে। বিজনেস ক্লাসে থাকবে সম্পূর্ণ ফ্ল্যাটবেড আসন, আর প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি শ্রেণিতে থাকবে উন্নত আরামদায়ক আসন ও ব্যক্তিগত বিনোদন ব্যবস্থা।

এয়ারলাইনটির ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমে ৫০০টির বেশি চলচ্চিত্র, ৬০০টির বেশি টিভি সিরিজ এবং এক হাজারের বেশি অডিও অ্যালবাম ও প্লে-লিস্ট উপভোগের সুযোগ থাকবে। পাশাপাশি উন্নত মানের খাবার, সৌদি-নির্মিত ইন-ফ্লাইট পণ্য, শিশুদের জন্য ডিজনি অ্যামেনিটি কিট এবং বিভিন্ন ওয়েলনেস সুবিধাও যাত্রীদের জন্য রাখা হয়েছে।

রিয়াদ এয়ার জানিয়েছে, এই নতুন ফ্লাইট শুধু ঢাকা-রিয়াদ রুটের যাত্রীদের জন্য নয়; বরং বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও বিশ্বের অন্যান্য গন্তব্যে ভ্রমণকে আরও সহজ, দ্রুত ও বিশ্বমানের করে তুলবে।