https://www.voiceofpeople24.com/

4484

economy

জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন, শিগগিরই ঘোষণা

প্রকাশিত : ১১ জুন ২০২৬ ১৩:৪২

প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা আসছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী উল্লেখ করবেন, সরকারি কর্মচারীরা গত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে নতুন পে-স্কেলের আংশিক বাস্তবায়নের ঘোষণা থাকলেও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেতন-ভাতা খাতে বড় ধরনের অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে না। ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং বিভিন্ন ধরনের ভাতা বাবদ ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়ায় ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায়।

অন্যদিকে জনপ্রশাসন খাতে আগামী অর্থবছরে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হতে পারে। যা চলতি অর্থবছরের মূল বরাদ্দের তুলনায় প্রায় ৯৬ শতাংশ বেশি। সংশোধিত বাজেটের তুলনায়ও এ খাতে প্রায় ৫৫ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে।

তবে এই বাড়তি অর্থের পুরোটা বেতন বৃদ্ধি বাবদ ব্যয় হবে না। নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং অবসরপ্রাপ্তদের অতিরিক্ত সুবিধা প্রদানের বিষয়টিও এ বরাদ্দের আওতায় থাকবে।

সূত্রগুলো বলছে, নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে তিন অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে। এর মধ্যে আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের প্রায় ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কাঠামোয় বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে আগামী জুলাই থেকেই।