https://www.voiceofpeople24.com/

4628

sylhet

মৌলভীবাজারে মনু নদের ভাঙনে পানিবন্দী ১০ হাজার মানুষ

প্রকাশিত : ১০ জুলাই ২০২৬ ২১:৫৩

অব্যাহত বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদের বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বাঁধ ভেঙে টেংরা ও কামারচাক ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামে পানি ঢুকে পড়েছে। বর্তমানে মনু নদের পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভাঙনস্থল দিয়ে নতুন করে লোকালয়ে পানি প্রবেশ করছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে রাজনগরের টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় প্রথমে মনু নদের বাঁধে ভাঙন দেখা দেয়। পরে রাতের দিকে আকুয়া এলাকার প্রতিরক্ষা রিং বাঁধও ভেঙে যায়। এর ফলে আকুয়া, হরিপাশা, উজিরপুর, সৈয়দনগর, আদিনাবাদসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

বন্যার পানিতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাশাপাশি তারাপাশা-টেংরা সড়ক এবং তারাপাশা বাজারের একাংশ তলিয়ে যাওয়ায় ওই এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, মৌলভীবাজারে মনু নদের পানি এখনও বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও ধলাই নদের পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানিয়েছেন, মনু নদের পানি এখনও বিপৎসীমার ওপরে রয়েছে এবং ইতোমধ্যে একটি স্থানে বাঁধ ভেঙেছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রক্ষায় জরুরি ভিত্তিতে মেরামত কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।