https://www.voiceofpeople24.com/
4388
economy
বিনিয়োগকারীদের জন্য সুখবর
প্রকাশিত : ০২ জুন ২০২৬ ২০:৫৬
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এ রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার নেতৃত্ব আনার উদ্যোগ নিয়েছে সরকার। চারজন কমিশনার ও একজন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার রাজধানীর পল্টনে আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
অর্থমন্ত্রী বলেন, নতুন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং এমন পেশাজীবীদের মধ্য থেকে নির্বাচন করা হবে, যারা পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞ ও দক্ষ। তাদের নেতৃত্বে শেয়ারবাজারে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএসইসির অতীত কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও লুটপাটের কারণে দেশের পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নতুন নেতৃত্বের মাধ্যমে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে।
অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, বর্তমানে দেশের অনেক ব্যাংক প্রয়োজনীয় মূলধনের ঘাটতিতে ভুগছে। অতীতে ব্যাংক খাত থেকে বিপুল অর্থ পাচার ও লুটপাটের কারণে এ সংকট তৈরি হয়েছে। পাশাপাশি ডলারের অবমূল্যায়ন ও ব্যবসায়িক লোকসানের কারণে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও পুঁজির সংকটে পড়েছে।
তবে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করা গেলে ব্যাংকিং খাত আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে মন্তব্য করেন তিনি।