https://www.voiceofpeople24.com/

4387

whole-country

দেশে হামের প্রকোপে আরও ৬ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০২ জুন ২০২৬ ২০:৪৭

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ছয় শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে ৯০ জনের ক্ষেত্রে হামের সংক্রমণ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫০৪ জন।

এদিকে, গত একদিনে নতুন করে ৪২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এতে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৩৬ জন।

একই সময়ে আরও ১ হাজার ২৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে।

ক্রমবর্ধমান এই পরিস্থিতিতে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।