https://www.voiceofpeople24.com/
4390
lifestyle
শপিং মল বন্ধ হলেও সিনেমাপ্রেমীদের জন্য সুখবর
প্রকাশিত : ০২ জুন ২০২৬ ২১:০৫
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসা পরিচালনার অনুমতি দেওয়া হলেও নতুন নির্দেশনায় আগের সময়সূচি পুনর্বহাল করা হয়েছে।
তবে এই সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে। ফলে শপিং মল বন্ধ হলেও দর্শকরা নির্ধারিত সময় অনুযায়ী সিনেমা উপভোগ করতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করে স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “সন্ধ্যা ৭টায় শপিং মল বন্ধ হলেও সিনেমা হল খোলা থাকবে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ফলে স্টার সিনেপ্লেক্সসহ দেশের সব মাল্টিপ্লেক্সে ঈদের সিনেমা প্রদর্শনে কোনো বাধা থাকবে না।”
এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানান, ঈদের আগেই তথ্য মন্ত্রণালয়ের কাছে সিনেমা হল ও সিনেপ্লেক্সকে এ সিদ্ধান্তের বাইরে রাখার আবেদন করা হয়েছিল। মন্ত্রণালয় সেই আবেদন অনুমোদন করেছে।
তিনি বলেন, “যেসব সিনেমা হল শপিং মলের ভেতরে অবস্থিত, সেগুলো নিয়েও দর্শকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সিনেমা প্রদর্শন স্বাভাবিকভাবেই চলবে।”