https://www.voiceofpeople24.com/

4758

international

মার্কিন ঘাঁটিতে ১০২ মিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬ ১২:০২

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোতে অবস্থিত মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারে বিমানবাহিনীর একটি এফ-৩৫বি লাইটনিং-টু যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে ইজেক্ট করায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে রানওয়েতে অবতরণের প্রস্তুতির সময় এক আসনের যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে, যা দূর থেকেও স্পষ্ট দেখা যায়।

মেরিন এয়ারক্রাফট উইং জানিয়েছে, দুর্ঘটনার ঠিক আগেই পাইলট জরুরি ইজেকশন সিস্টেম ব্যবহার করে নিরাপদে বেরিয়ে আসেন। পরে উদ্ধারকারী দল তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের ভাষ্য, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ড করা বার্তায়ও নিশ্চিত করা হয়, এফ-৩৫বি বিমানটি রানওয়ের কাছে বিধ্বস্ত হয়েছে এবং পাইলটের প্যারাস্যুট সফলভাবে খুলতে দেখা গেছে।

দুর্ঘটনার পর বিমানবন্দরের ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ফোম ও অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া আগুনও দ্রুত নিভিয়ে ফেলা হয়।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ঘটনার তদন্তে মার্কিন সামরিক বাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে। বেসামরিক বিমান দুর্ঘটনার মতো এ ঘটনার তদন্ত ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) নয়, বরং সামরিক কর্তৃপক্ষই পরিচালনা করবে।

বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান

এফ-৩৫বি লাইটনিং-টু বিশ্বের অন্যতম আধুনিক ‘স্টেলথ’ যুদ্ধবিমান, যা রাডার এড়িয়ে অভিযান পরিচালনার সক্ষমতা রাখে। ৫০ ফুটের বেশি দৈর্ঘ্যের এই বিমানটি সাধারণ রানওয়ে থেকে উড্ডয়নের পাশাপাশি প্রয়োজনে হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে (Vertical Take-Off and Landing) উড্ডয়ন ও অবতরণ করতে পারে।

প্রতিটি এফ-৩৫বি যুদ্ধবিমানের মূল্য প্রায় ১০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের পাশাপাশি যুক্তরাজ্য ও ইতালির সামরিক বাহিনীও এই মডেলের যুদ্ধবিমান পরিচালনা করে।

উল্লেখ্য, যে মিরামার ঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে প্রায় ১৫ হাজার মার্কিন সামরিক সদস্য কর্মরত রয়েছেন।