https://www.voiceofpeople24.com/

4757

politics

রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক

প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬ ১১:৫৭

সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো আজ শনিবার বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এমন সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। দলীয় সূত্রের দাবি, আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি পদে দলের অবস্থান ও কৌশল নির্ধারণের পাশাপাশি সরকারের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে বৈঠকের এজেন্ডা জানানো না হলেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল। গত এক সপ্তাহ ধরে এ ইস্যুতে নানা জল্পনা থাকলেও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইঙ্গিত দিয়েছিলেন, স্থায়ী কমিটির বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর অর্পণ করা হতে পারে।

জানা গেছে, বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণের সম্ভাবনা রয়েছে, যেখানে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করার ক্ষমতা দলীয় চেয়ারম্যানকে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে নানা নাম ঘুরে বেড়াচ্ছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করেনি। দলীয় পর্যবেক্ষকদের ধারণা, রাষ্ট্রপতি হিসেবে এমন একজনকে বেছে নেওয়া হতে পারে, যিনি সর্বমহলে গ্রহণযোগ্য এবং রাজনৈতিক, প্রশাসনিক কিংবা সাংবিধানিক বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী।

আলোচনায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি সাবেক প্রধান বিচারপতি, প্রবীণ আইনজীবী কিংবা রাজনীতির বাইরের কোনো সম্মানিত ব্যক্তির নামও উঠে আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় রয়েছে। এছাড়া বর্তমান স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে রাষ্ট্রপতি করা হলে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে জাতীয় সংসদের স্পিকার করা হতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।