https://www.voiceofpeople24.com/
4737
national
জাতীয়
প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬ ১৫:৪২
দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগ তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দেশের বাজারে থাকা প্রায় ৭৬ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন সংযুক্ত করে গত ২৭ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন রিট আবেদন করেন। তিনি নিজেই আদালতে রিটের পক্ষে শুনানি করেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, গঠিত বিশেষজ্ঞ কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একজন করে প্রতিনিধি থাকবেন।
স্বাস্থ্যসচিব ও বিএসটিআইয়ের মহাপরিচালককে দ্রুত এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তদন্তে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি প্রমাণিত হলে কেন সংশ্লিষ্ট দেশীয় ও আমদানিকৃত পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।