https://www.voiceofpeople24.com/
4734
national
কাউন্সিলর একরাম হত্যা
প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬ ১০:০৬
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত হওয়ার পর তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ২০২১ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায়ও ছিলেন। ওই তালিকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিল।
গত রোববার একরামুল হক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার অভিযোগ দাখিল করা হয়। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সেই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী নির্ধারিত তারিখে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
তদন্ত-সংশ্লিষ্ট নথিতে অভিযোগ করা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে টেকনাফে কাউন্সিলর একরামুল হককে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে মিফতাহ উদ্দিন আহমেদসহ অভিযুক্ত কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক। পরে ওই ঘটনার একটি অডিও রেকর্ড প্রকাশ্যে এলে বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।