https://www.voiceofpeople24.com/

4736

national

জাতীয়

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬ ১৫:২২

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে অফিস করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে তিনি জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।

বঙ্গভবনের প্রেস উইংয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তাঁর আগমনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দাপ্তরিক কাজ শুরু করেন।

জানা গেছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ নিয়মিত বঙ্গভবনে দায়িত্ব পালন করবেন। তবে তাঁর আবাসন থাকবে জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকারের সরকারি বাসভবনেই।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত শুক্রবার পদত্যাগ করেন। এরপর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।