https://www.voiceofpeople24.com/

4735

entertainment

শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী

প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬ ১০:৩৫

বিজ্ঞাপনের কাজের চুক্তির কথা বলে ডেকে এনে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। তাঁর অভিযোগ, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া ২৪ জুলাই একটি বৈঠকের কথা বলে তাঁকে আশিয়ান মেডিকেল কলেজের কার্যালয়ে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর তিনি অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন।

সংবাদ সম্মেলনে স্নিগ্ধা জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁকে ‘জেবা তাকিয়া’ নামের অন্য একজন নারী ভেবে ভুল করেন। এরপর ক্ষিপ্ত হয়ে তাঁকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, একপর্যায়ে কক্ষে অন্যদের বের করে দিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলা হয়, ফোন দূরে ছুড়ে দেওয়া হয় এবং গলা চেপে ধরা হয়। এছাড়া লাঠি দিয়ে মারধর, চুল ধরে মেঝেতে ফেলে দেওয়া এবং মুখে গরম কফি ছুড়ে মারার অভিযোগও করেন তিনি। পরে সুযোগ পেয়ে সেখান থেকে বেরিয়ে এসে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পর রোববার রাতে স্নিগ্ধা খিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযুক্তের বিচার দাবি করে বলেন, ন্যায়বিচার না পেলে তিনি আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে পারেন।

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, আশিয়ান গ্রুপ এক বিবৃতিতে স্নিগ্ধা চৌধুরীর সব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।