https://www.voiceofpeople24.com/

4687

entertainment

অসুস্থতার গুঞ্জনে মুখ খুললেন সালমান খান

প্রকাশিত : ২০ জুলাই ২০২৬ ১৬:৪৪

নিজের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের মধ্যে অবশেষে প্রতিক্রিয়া জানালেন বলিউড সুপারস্টার সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন পোস্টের মাধ্যমে তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন, একই সঙ্গে নিজের স্বভাবসুলভ রসবোধেও জবাব দিয়েছেন সমালোচনা ও উদ্বেগের।

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি শেয়ার করে সালমান ক্যাপশনে লেখেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’ তাঁর এই সংক্ষিপ্ত বার্তাকে অনেকেই স্বাস্থ্য নিয়ে চলমান জল্পনার পরোক্ষ জবাব হিসেবে দেখছেন। পোস্টটি প্রকাশের পর ভক্তদের পাশাপাশি তারকা সহকর্মীরাও মন্তব্যে ভালোবাসা জানান। টেলিভিশন অভিনেত্রী মাহি ভিজ লিখেছেন, ‘খুব সুন্দর’, সঙ্গে দিয়েছেন হাসির ইমোজি।

কয়েক দিন আগে মুম্বাইয়ে ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথোরিটি’ (এসআরএ)-এর একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। সেখানে নতুন তথ্য সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্রের উদ্বোধন এবং সুবিধাভোগীদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি। তবে অনুষ্ঠানটির চেয়ে বেশি আলোচনায় আসে তাঁর শারীরিক অবয়ব।

অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করেন, আগের তুলনায় সালমানকে কিছুটা রোগা ও ক্লান্ত দেখাচ্ছে। কেউ তাঁর সুস্থতা কামনা করেন, আবার কেউ জানতে চান, তাঁর শরীরে কোনো সমস্যা হয়েছে কি না। এসব মন্তব্য দ্রুতই অনলাইনে আলোচনার বিষয় হয়ে ওঠে।

তবে সেই গুঞ্জনের মধ্যেই চলতি মাসের শুরুতে নিজের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ফার্স্ট লুক প্রকাশ করেন সালমান। পোস্টারে তাঁকে শক্তিশালী ও সুঠাম দেহে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা তাঁর ফিটনেস নিয়ে তৈরি হওয়া অনেক প্রশ্নেরও জবাব দেয়।

সালমান খানের প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এছাড়া রয়েছেন মুকেশ ঋষি ও অঙ্কুর ভাটিয়াও। চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। নতুন মুক্তির দিন এখনো ঘোষণা করা হয়নি।

এদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রাজা শিবাজি’ চলচ্চিত্রে ‘জিভা মাহালা’ চরিত্রে সংক্ষিপ্ত অতিথি ভূমিকায়ও দেখা গেছে সালমান খানকে।