https://www.voiceofpeople24.com/

4688

health

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২

প্রকাশিত : ২০ জুলাই ২০২৬ ১৬:৫১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সংখ্যা সবচেয়ে বেশি, ১০৩ জন। এছাড়া বরিশাল বিভাগে ৬৭, চট্টগ্রাম বিভাগে ৫৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২, খুলনা বিভাগে ৪৩, ময়মনসিংহ বিভাগে ২১, রাজশাহী বিভাগে ৪ এবং রংপুর বিভাগে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে মোট ১০ হাজার ৮৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৭৫৩ জন, যা চলমান পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরে।

এদিকে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন ১৯ জন। এছাড়া জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।