https://www.voiceofpeople24.com/
5052
sylhet
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫
সড়ক দুর্ঘটনায় আগস্ট মাসে সিলেট বিভাগের চার জেলায় ৪৭ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২২ জন। তার মধ্যে শিশু রয়েছে। চলতি বছরে এক মাসে প্রাণহানির হিসাবে আগস্ট দ্বিতীয় সর্বোচ্চ। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, আগস্টে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। এ জেলায় ১৭টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন। হবিগঞ্জে ৯টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২২ জন আহত হন। আর মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
নিসচার তথ্য বলছে, আগস্টে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশেই ১০টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় প্রাণ হারান ২৪ জন। এর মধ্যে সিলেটের ওসমানীনগর উপজেলায় তিনটি দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে প্রতিবেদনে দেখা যায়, আগস্টে মুখোমুখি সংঘর্ষের ১২টি ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার সাতটি ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। এ ছাড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহীর সংখ্যাও উল্লেখযোগ্য। ১০টি দুর্ঘটনায় ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী প্রাণ হারিয়েছেন। সিএনজি ও টমটমের চালক ও আরোহীদের মধ্যে ৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। ১২টি দুর্ঘটনায় ১২ জন চালক এবং সাতটি দুর্ঘটনায় সাতজন পথচারী নিহত হয়েছেন।
নিহত ৪৭ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু ছিলেন।