https://www.voiceofpeople24.com/

4890

sylhet

সিলেট

সিলেট চেম্বার নির্বাচন ৫ নভেম্বর, প্রকাশিত সংশোধিত তফসিল

প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬ ১০:২৯

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে একই দিন ভোট গণনা করে প্রাথমিক ফল প্রকাশ করা হবে।

সোমবার বিকেলে চেম্বারের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশোধিত তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার।

সংবাদ সম্মেলনে চেম্বারের বর্তমান প্রশাসক ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিমালা অনুসরণ করেই নির্বাচনের তফসিল নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনের মাধ্যমে দুই বছরের জন্য ২৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে। এতে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং ২৪ জন পরিচালক থাকবেন। পরিচালকদের মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ১২ জন, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ৬ জন, ট্রেড গ্রুপ থেকে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে ৩ জন নির্বাচিত হবেন।

ভোটার তালিকা ও মনোনয়ন

নির্বাচনী কার্যক্রম শুরু হবে ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে। তালিকা নিয়ে আপত্তি থাকলে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডে আবেদন করা যাবে। ১৭ সেপ্টেম্বর শুনানি শেষে আপত্তি নিষ্পত্তি করা হবে। এরপর ২০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

প্রার্থীরা ২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। একই সময়ের মধ্যে ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিতে হবে।

৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৬টায় বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন বাতিল হলে সংশ্লিষ্ট প্রার্থী ৬ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আপিল করতে পারবেন। এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ১০ অক্টোবর।

১২ অক্টোবর বিকেল ৪টায় বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ অক্টোবর দুপুর ১২টা। ওই দিন সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

৫ নভেম্বর ভোটগ্রহণ

সিলেট নগরের ধোপাদিঘীরপাড় এলাকার ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে। ভোট শেষে একই কেন্দ্রে ভোট গণনা ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনের ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকলে ৫ থেকে ৮ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডে আবেদন করা যাবে। ৯ নভেম্বর এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে। এরপর ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন পরিচালনা বোর্ড। তবে কোনো আপত্তি না থাকলে ওই দিন বিকেলেই চূড়ান্ত ফল ঘোষণা করা হতে পারে।

নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার লাবন্য ইসলাম ঋতু ও তানভীর হোসাইন সজিব।

নির্বাচন-সংক্রান্ত পরবর্তী সব তথ্য ও বিজ্ঞপ্তি চেম্বারের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর বিধি-২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন বোর্ড।