https://www.voiceofpeople24.com/
5044
law-and-courts
প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২২
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড হওয়া বিদিশা জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
বিদিশার আইনজীবী মো. মাসুদ মিয়া জানান, এতে তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। প্রতারণার ওই মামলায় ২৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।
এর আগে ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা ওই মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রায়ে আদালত কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছিলেন আদালত।
বিচারিক আদালতের দণ্ডাদেশের ওই রায়ের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন বিদিশা। পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন তিনি। শুনানি নিয়ে ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির জামিন আবেদন নাকচ করে দেন।
জামিন আবেদন নাকচের আদেশের বিরুদ্ধে ও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিদিশা।