https://www.voiceofpeople24.com/

4963

national

বাংলাদেশ থেকে বিনা খরচে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়ায়

প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬ ২০:০৬

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাজার পুনরায় খোলার শুরুতেই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ

শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় বলছে, প্রস্তাবিত ব্যবস্থায় কর্মীদের বিমানভাড়াসহ কোনো অভিবাসন খরচ বহন করতে হবে না। সরকারি নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে প্রথম দফার কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে।

শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব আলোচনা ও ধারাবাহিক নেগোশিয়েশনের ফলে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বোয়েসেলের মাধ্যমে যাবে প্রথম ১০ হাজার কর্মী

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে কর্মী পাঠানোর কার্যক্রমের প্রথম ধাপে ১০ হাজার বাংলাদেশিকে মালয়েশিয়ায় নেওয়া হবে। তাঁদের সম্পূর্ণ জিরো কস্টে পাঠানোর বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মতি জানিয়েছে।

তবে কর্মী বাছাই, নিবন্ধন ও পাঠানোর বিস্তারিত প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।