https://www.voiceofpeople24.com/
5504
national
প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬ ১৮:৩০
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই সীমান্তে হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কমলগঞ্জ উপজেলা প্রশাসন, দলই বিওপি এবং কমলগঞ্জ প্রেসক্লাব। পর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী, দলই বিওপি’র ইনচার্জ সুবেদার আক্কাস আলী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, নির্বাহী সদস্য শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবি নির্মল এস পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে শহীদ হন হামিদুর রহমান। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হন এই বীর মুক্তিযোদ্ধা। হামিদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আক্কাস আলী ম-ল এবং মায়ের নাম কায়মুন্নেসা। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহি হামিদুর রহমান ৭ জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে সর্বকনিষ্ঠ। হামিদুরের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে।
কমলগঞ্জে মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
নিজস্ব সংবাদদাতা,কমলগঞ্জ:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সুশীল রঞ্জন পাল (৮৫) বুধবার (২৮ অক্টোবর) ভোর ৪.৪৫ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও রাজনগর উপজেলার শান্তকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পালের পিতা।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ঘোষপুর গ্রামের নিজ বাড়িতে নিবাসী বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের মরদেহে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রিয় মর্যাদা প্রদর্শন কালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, শমশেরনগর পুলিশ ফাঁড়ির মো: রুহুল আমীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো: আরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও নির্মল কুমার দাশ, স্থানীয় জনপ্রতিনধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে স্থানীয় শ্মশানে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের সৎকার সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা ও শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, শ্রীকৃষ্ণ যুব সংঘ, সানফ্লাওয়ার সনাতনী যুব সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।