https://www.voiceofpeople24.com/

5327

international

ফোর্ট হুডে ১৩ হত্যার দায়ে দণ্ডিত হাসানের মৃত্যুদণ্ড সরাসরি দেখানো হবে

প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬ ১১:৫৭

 

 

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সেনাঘাঁটিতে ১৩ জনকে হত্যা ও ৩২ জনকে আহত করার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হবে। আগামী ৩ ডিসেম্বর দুপুর ১টায় গুলিবাহিনীর মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ৮ অক্টোবর এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, মার্কিন বাহিনীর ১৩ জন নিরস্ত্র সেনাকে গুলি করে হত্যার দায়ে নিদালের এ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুডে এ ঘটনা ঘটেছিল।

২০০৯ সালের ৫ নভেম্বর ফোর্ট হুড সেনাঘাঁটিতে হামলা চালান তৎকালীন সেনা কর্মকর্তা ও মনোরোগ চিকিৎসক হাসান। হামলায় ১৩ জন নিহত এবং ৩২ জন আহত হন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ১৯৬১ সালে। সে সময় অস্ট্রিয়ায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করার দায়ে দণ্ডিত সেনাসদস্য জন বেনেটকে ফাঁসি দেওয়া হয়। আর সামরিক বাহিনীর মাধ্যমে গুলি করে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ১৯৪৫ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দায়িত্ব থেকে পালানোর দায়ে দণ্ডিত সেনাসদস্য এডি স্লোভিককে গুলি করে হত্যা করা হয়েছিল।

২০১৩ সালে একটি সামরিক আদালতে বিচার হয় নিদালের। আদালতে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। তবে বলেছেন, তিনি আফগানিস্তানের মুসলিম ও তালেবানদের সুরক্ষিত রাখার জন্য এ কাণ্ড ঘটিয়েছেন।