https://www.voiceofpeople24.com/

4693

international

'শিক্ষার্থীদের ঢাল বানিয়ে অস্থিরতা ছড়াতে চান রাহুল'—মোদি সরকারের শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২২ জুলাই ২০২৬ ১১:৫৫

প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ তুলেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর দাবি, রাহুল গান্ধী শিক্ষার্থীদের সামনে রেখে সংঘাত ও অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন। খবর এনডিটিভির।

মঙ্গলবার দুপুরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ কংগ্রেসের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন। নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের অভিযোগের পাশাপাশি শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক করে। প্রায় আড়াই ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়।

নিজের পদত্যাগের দাবির প্রসঙ্গ টেনে ধর্মেন্দ্র প্রধান বলেন, কংগ্রেস শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাঁর অভিযোগ, সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে অস্থিরতা সৃষ্টি করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের মাধ্যমে নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটেছে।

বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। তাঁর দাবি, রাহুল জানিয়েছিলেন—প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সংসদে আলোচনায় এলে বিক্ষোভ তুলে নেওয়া হবে। তবে সরকার আলোচনায় সম্মতি দেওয়ার পর কংগ্রেস নতুন আরও দাবি তোলে বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান লেখেন, সরকার যখন সংসদে বিস্তৃত আলোচনার জন্য প্রস্তুত, তখনও কংগ্রেস গণতান্ত্রিক বিতর্কের বদলে রাজনৈতিক নাটককে বেছে নিয়েছে। তাঁর ভাষ্য, শিক্ষার্থীদের সমস্যার সমাধান নয়, বরং রাজনৈতিক শিরোনাম তৈরিই কংগ্রেসের লক্ষ্য।

আরও এক পোস্টে তিনি বলেন, ‘রাহুল গান্ধীর কাছে এটি শিক্ষার্থীদের ইস্যু নয়। আলোচনার সব সুযোগ থাকা সত্ত্বেও তিনি কেবল সংঘাত সৃষ্টি করতে চাইছেন।’

ধর্মেন্দ্র প্রধানের দাবি, কেন্দ্র সরকার নিটসহ বিভিন্ন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে সংসদে আলোচনা করতে এবং শিক্ষার্থী ও তরুণদের উদ্বেগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।