https://www.voiceofpeople24.com/

4697

entertainment

নিউইয়র্কে অপূর্বর সুরের আসর, জমবে ‘মিউজিক্যাল নাইট’

প্রকাশিত : ২২ জুলাই ২০২৬ ১২:২০

অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি গানের প্রতিও বরাবরই আগ্রহ রয়েছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। বিভিন্ন আড্ডা, টেলিভিশন অনুষ্ঠান ও নাটকে গান গাইতে দেখা গেছে তাঁকে। এবার প্রথমবারের মতো একক কনসার্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই অভিনেতা।

অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্টটি আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে। প্রায় দুই ঘণ্টার এ আয়োজনে নিজের পছন্দের গান পরিবেশন করবেন অপূর্ব। অনুষ্ঠানের ভেন্যু ও টিকিটের মূল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আজ।

কয়েক সপ্তাহ ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্বর যুক্তরাষ্ট্রের কনসার্ট নিয়ে নানা আলোচনা চলছিল। বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রচারণামূলক পোস্টারও ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে এতদিন কোনো মন্তব্য করেননি অভিনেতা। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই কনসার্টের খবর নিশ্চিত করেছেন তিনি।

২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ে করার পর থেকে বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রেই কাটান অপূর্ব। সেখানে স্ত্রী ও কন্যার সঙ্গে বসবাস করলেও কাজের প্রয়োজনে নিয়মিত বাংলাদেশে আসেন।

দেশে থাকলে নাটক ও ওটিটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। সর্বশেষ সালেহ সোবহান অনীম পরিচালিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। গত জুনে মুক্তি পাওয়া এই সিরিজের মাধ্যমে দুই বছর পর ওটিটিতে ফিরেছিলেন তিনি।

এদিকে দেশে ফিরেই অপূর্ব ‘গোলাম মামুন ২’-এর কাজ শুরু করবেন বলে জানা গেছে। নতুন কিস্তিটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু। এর আগে ‘বুকের মধ্যে আগুন’ সিরিজে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন অপূর্ব।