https://www.voiceofpeople24.com/

4696

whole-country

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

প্রকাশিত : ২২ জুলাই ২০২৬ ১২:১৬

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে সন্দেহভাজন ও পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন-২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া দুই শিশুর একজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাজীপুর এলাকার বাসিন্দা বিবেকের পাঁচ মাস বয়সী সন্তান আরাধ্যা। অন্যজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিকলা গ্রামের বাসিন্দা সুমনের পাঁচ মাস বয়সী মেয়ে তাইবা। তারা দুজনই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম ও রুবেলা রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৬৮ জনে।

এদিকে একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২২৭ জন রোগী। তাদের মধ্যে সর্বোচ্চ ৮৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৬ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।