https://www.voiceofpeople24.com/

4665

whole-country

অঞ্চল-২ এর সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬ ২১:৩৫

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি কর্পোরেশন একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। নাগরিকদের দ্রুত, সহজ ও মানসম্মত সেবা প্রদান করাই আমাদের প্রধান দায়িত্ব। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি অঞ্চলে একজন আঞ্চলিক কর্মকর্তার নেতৃত্বে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু করা হবে।

বুধবার (১৫ জুন) বিকেলে খাদিমপাড়ায় অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের অঞ্চল-২ কার্যালয়ের সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, অঞ্চলভিত্তিক সেবা চালু হলে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের আর ছোটখাটো সেবার জন্য নগর ভবনে যেতে হবে না। নিজ নিজ আঞ্চলিক কার্যালয় থেকেই তারা প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। তবে কেউ চাইলে আগের মতো নগর ভবন থেকেও সেবা নিতে পারবেন।

তিনি বলেন, নাগরিকসেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে অনেক আগে থেকেই ড্রেন, ছড়া ও নালা-নর্দমা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। এখনও এ কার্যক্রম চলমান রয়েছে। সময়মতো প্রস্তুতি নেওয়ার কারণেই এবার ভারী বৃষ্টিপাত হলেও নগরবাসীকে বড় ধরনের জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হয়নি।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়। এ কাজে নগরবাসীর সক্রিয় সহযোগিতাও প্রয়োজন। সবাই সম্মিলিতভাবে কাজ করলে একটি সুন্দর ও পরিকল্পিত সিলেট গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই অঞ্চল-২ কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের সব আঞ্চলিক কার্যালয় চালু করা হবে। এতে নাগরিকদের সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অঞ্চল-২ এর নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, দেলওয়ার হোসেন নাদিম, নাজমুল হোসেন ও সালেহা কবির সেপী, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিক, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খাইরুল ইসলাম খায়ের, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তাহের আলী, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দীন তাজ, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালেক আহমদসহ সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রসঙ্গত, সিলেট সিটি কর্পোরেশনের ২১, ২২, ২৩, ২৪, ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে অঞ্চল-২ গঠন করা হয়েছে। এই আঞ্চলিক কার্যালয় চালুর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার নাগরিকরা স্থানীয় পর্যায়েই বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন।