https://www.voiceofpeople24.com/

4663

national

জাতীয়

চট্টগ্রাম ছাড়া দেশের সব বিভাগে এইচএসসি পরীক্ষা চলবে

প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬ ১৯:০৩

দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দিনভর আন্দোলনের মধ্যেও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা প্রশাসন।

মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব বোর্ডের পরীক্ষাকেন্দ্র বর্তমানে পরীক্ষা নেওয়ার উপযোগী রয়েছে।

তিনি বলেন, চলমান বিরূপ আবহাওয়া নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের উদ্বেগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার মতামত এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও দেশের অধিকাংশ স্থানে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মাহদী আমিন আরও বলেন, সরকার পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ও মানসিক প্রস্তুতির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নিরাপদ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রস্তুতির যথাযথ মূল্যায়ন করাও সরকারের দায়িত্ব। তাই শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় কয়েক দিন ধরেই আবহাওয়া অধিদপ্তর এবং মাঠ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্য সব বোর্ডের আওতাধীন এলাকায় পরীক্ষা গ্রহণের মতো পরিবেশ রয়েছে। তবে কোথাও কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে দেশের বাকি এলাকায় পরিস্থিতি অনুকূলে থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে।

এ ছাড়া, ভবিষ্যতে কোথাও আবহাওয়াজনিত সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা পরীক্ষার সময় বৃদ্ধি করার মতো সিদ্ধান্ত নিতে পারবে। কোনো শিক্ষার্থী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারলে, চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার দিন একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল থাকার বিষয়টি নিশ্চিত করে মাহদী আমিন জানান, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।