https://www.voiceofpeople24.com/
4642
national
প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬ ১২:২১
সকাল থেকে অবিরাম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
রাজধানীর গ্রীন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মনিপুর, ধানমন্ডি ২৭ ও ৩২, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, কালশী এবং উত্তরাসহ বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে গেছে। গতকালের বৃষ্টির পানি পুরোপুরি না নামায় আজকের বৃষ্টিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
নিচু এলাকাগুলোতে হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনেক অলিগলি পানির নিচে তলিয়ে যাওয়ায় পথচারীদের মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে। চলন্ত যানবাহনের সৃষ্ট ঢেউয়ে অনেকেই নোংরা পানিতে ভিজে পড়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, বনানী কবরস্থানের পেছনে ঢাকা গেট-সংলগ্ন সড়কের উভয় পাশে জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। একই কারণে বনানী-কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক্সিট র্যাম্পেও যানবাহনের গতি কমে গেছে।
এ ছাড়া ইসিবি চত্বর এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস, কালশী ও ইসিবি চত্বর হয়ে মাটিকাটা উড়ালসড়কের দিকে চলাচলকারী যানবাহন ধীরগতিতে চলেছে। যমুনা ফিউচার পার্কের সামনের সড়কেও জমে থাকা বৃষ্টির পানি এবং ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলমান থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।
ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, দিনভর বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে। তাই নগরবাসীকে প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বের হওয়ার পাশাপাশি সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।