https://www.voiceofpeople24.com/
4661
sports
প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬ ১৩:১০
বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছে স্পেন। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেওয়ার পর দলটির প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তিনি আর্জেন্টিনাকেই দেখতে চান। এর পেছনে বড় কারণ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত ও পেশাদার সম্পর্ক।
ফ্রান্সের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে সহজ জয় তুলে নেয় স্পেন। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখন হাতের নাগালে লা রোজাদের। ম্যাচ শেষে দে লা ফুয়েন্তে বলেন, স্কালোনির সঙ্গে তাঁর বন্ধুত্বের কারণেই তিনি আর্জেন্টিনার মুখোমুখি হতে আগ্রহী। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, ইংল্যান্ডও সমান শক্তিশালী প্রতিপক্ষ।
স্প্যানিশ কোচ বলেন, “স্কালোনির সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। তাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চাই। তবে ইংল্যান্ডও দুর্দান্ত দল। এবার ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে উঠেছে, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম।”
ফ্রান্সের বিপক্ষে জয় নিয়ে উচ্ছ্বসিত দে লা ফুয়েন্তে আরও বলেন, “আমরা বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু তারা খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে। আমার খেলোয়াড়দের প্রতিশ্রুতি, পরিশ্রম ও প্রতিভা অসাধারণ। তাদের পারফরম্যান্স দেখাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা।”
অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে নিজের সাবেক কোচিং-গুরু দে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, “লুইস এই সাফল্যের পুরোপুরি যোগ্য। তিনি শুধু ভালো কোচ নন, অসাধারণ একজন মানুষও। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি আমাকে সহযোগিতা করেছেন।”
দে লা ফুয়েন্তেকে ফোন করবেন কি না—এমন প্রশ্নে হাস্যরসের ছলে স্কালোনি বলেন, “সবকিছু নির্ভর করছে আমাদের ফলাফলের ওপর। আমরা জিতলে হয়তো ফোন করব না, আর হেরে গেলে তাকে সাহায্য করার চেষ্টা করব! তবে আশা করছি, ফাইনালের আগে তাকে ফোন করার প্রয়োজন হবে না।”