https://www.voiceofpeople24.com/
4656
sylhet
সিলেট
প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬ ১৯:২০
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘটিত আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলায় ৮ আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। দুপুর ১২টা ২০ মিনিটে রায় পাঠ শুরু হয়ে বেলা ১টা ৫৩ মিনিটে তা শেষ হয়। রায় ঘোষণার সময় কারাগার থেকে আনা আটজন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হোসেন জানান, প্রধান আসামি সাইফুরকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তারেক, অর্জুন ও রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ও খালাস পাওয়া সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী শাহ মোশাহিদ আলী রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষ্য বা ভিকটিমের শনাক্তকরণ ছিল না। তাই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে এক নবদম্পতি সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ঘুরতে গেলে অভিযুক্তরা তাদের জিম্মি করে ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে প্রাইভেট কারের ভেতর নববিবাহিতাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় তাদের কাছে থাকা টাকা, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং ব্যবহৃত প্রাইভেট কারটিও আটকে রাখা হয়। ঘটনার পর নির্যাতিতার স্বামী বাদী হয়ে শাহপরান (র.) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।