https://www.voiceofpeople24.com/
4651
education
প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬ ১৪:৪৪
দেশের উন্নয়নকে দীর্ঘমেয়াদি ও টেকসই করতে নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, নারীদের জন্য স্নাতক (অনার্স) পর্যন্ত বিনা খরচে শিক্ষার সুযোগ চালু করা হবে। পাশাপাশি ভালো ফলাফল করা মেধাবী ছাত্রীদের জন্য থাকবে বিশেষ বৃত্তির ব্যবস্থা।
সোমবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশন মাঠে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নারীদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে তাদের স্বনির্ভর করে তোলাই সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের প্রথম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা খরচে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে স্নাতক পর্যন্ত বিনা খরচে পড়াশোনার ব্যবস্থা করবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য শুধু আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং পরিবারের নারী প্রধানদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো। এর মাধ্যমে তারা পরিবারের খাদ্য, শিক্ষা ও অন্যান্য প্রয়োজন মেটাতে সহায়তা পাবেন।
প্রধানমন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য কোনো বরাদ্দ ছিল না। তবে নতুন বাজেটে এই কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। আগামী জুনের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।
মতবিনিময় সভায় ফ্যামিলি কার্ড পাওয়া কয়েকজন নারী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। সরিকল ইউনিয়নের পারুল আক্তার জানান, এই সহায়তার ফলে সন্তানদের পড়াশোনার খরচ চালানো সহজ হয়েছে এবং পরিবারের খাদ্যসংকটও কমেছে।
অন্য উপকারভোগীরা জানান, ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে তারা ওষুধ কেনা, সন্তানদের লেখাপড়া ও ছোটখাটো আয়মূলক কাজের পেছনে অর্থ ব্যয় করতে পারছেন।
সভায় প্রধানমন্ত্রী কয়েকজন উপকারভোগী নারীর সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।