https://www.voiceofpeople24.com/
4984
sylhet
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৬
সিলেট নগরীর ইমপালস টাওয়ারের ভূমিসংক্রান্ত বিরোধের মামলার বাদী ও গুরুত্বপূর্ণ সাক্ষী আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় পুলিশ লাইন লুসাই গির্জা সমিতি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও লিজগ্রহীতাদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় সমঝোতা কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সমন্বয়ক মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১২ আগস্ট নগরীর রায়নগরের ১১১ মিতালী আবাসিক এলাকার নিজ বাসায় আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগমকে হত্যা করা হয়।
আবদুস সাত্তার নগরীর রিকাবীবাজারের পুলিশ লাইনের লুসাই গির্জা সমিতির কাছ থেকে লিজ নেওয়া জমি নিয়ে সৃষ্ট বিরোধের মামলার বাদী ছিলেন। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তিনি গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
কমিটির দাবি, ইমপালস টাওয়ার নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ভূমি নিয়ে প্রায় দুই দশক ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের মধ্যে আবদুস সাত্তার ও তাঁর পরিবার জমির একটি অংশ লিজ নিয়ে বসবাস করছিলেন। পরবর্তী সময়ে জমির মালিকানা ও দখল নিয়ে ইমপালস কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভূমি বিরোধকে কেন্দ্র করে আবদুস সাত্তারকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও করা হয়।
এ ছাড়া ২০২৫ সালের ১৮ মে আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় আবদুস সাত্তার ও তৌহিদুল ইসলাম আহত হন। ওই ঘটনায় করা মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করা, তদন্তের অগ্রগতি প্রকাশ, গুরুত্বপূর্ণ সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং ইমপালস টাওয়ার-সংক্রান্ত ভূমির নথিপত্র যাচাইয়ের দাবি জানানো হয়। একই সঙ্গে তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিজগ্রহীতা নাজমুল ইসলাম, শামছুল ইসলাম শাহীন ও সোহেল আহমদ উপস্থিত ছিলেন।