https://www.voiceofpeople24.com/

4414

education

ক্যারিয়ার ডেস্ক

গ্র্যাজুয়েশন শেষে নিউজিল্যান্ডে থাকার সুযোগ, জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৪ জুন ২০২৬ ১০:৪৪

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে দেশটিতে চালু হতে যাচ্ছে নতুন স্বল্পমেয়াদি গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা। একই সঙ্গে পড়াশোনা-পরবর্তী কর্মসংস্থান ভিসা পাওয়ার সুযোগও আরও বিস্তৃত করা হচ্ছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দক্ষ জনশক্তির চাহিদা পূরণ করা।

নতুন গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা কী?

যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করেছেন কিন্তু পড়াশোনা-পরবর্তী কর্মসংস্থান ভিসার জন্য যোগ্য নন, তাঁদের জন্য চালু হচ্ছে স্বল্পমেয়াদি গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা। এই ভিসার মাধ্যমে ছয় মাস পর্যন্ত দেশটিতে অবস্থান করে চাকরি খোঁজার সুযোগ পাওয়া যাবে। পরবর্তীতে যোগ্যতা অনুযায়ী অন্য কর্মভিত্তিক ভিসায় আবেদনও করা যাবে।

কারা আবেদন করতে পারবেন?

এই ভিসার জন্য আবেদন করতে হলে—

নিউজিল্যান্ডে পূর্ণকালীনভাবে অন্তত ২৪ সপ্তাহ অধ্যয়ন করতে হবে। লেভেল ৫ থেকে লেভেল ৭-এর মধ্যে স্বীকৃত কোনো যোগ্যতা অর্জন করতে হবে। নিজের ব্যয় নির্বাহের জন্য কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার সঞ্চয়ের প্রমাণ থাকতে হবে। শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে।

তবে যারা আগে পড়াশোনা-পরবর্তী কর্মসংস্থান ভিসা বা স্বল্পমেয়াদি গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা পেয়েছেন, তারা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন না।

কী কী সীমাবদ্ধতা থাকবে?

এই ভিসাধারীরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন না। এছাড়া তাঁদের মাধ্যমে স্বামী-স্ত্রী বা সন্তানদের জন্য কর্মসংস্থান কিংবা নির্ভরশীল শিক্ষার্থী ভিসার আবেদনও করা যাবে না। ভিসাটি একবারের জন্য দেওয়া হবে এবং এর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে না।

পড়াশোনা-পরবর্তী কর্মসংস্থান ভিসায় নতুন সুযোগ

আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে যারা লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করবেন এবং দেশীয় বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও পড়াশোনা-পরবর্তী কর্মসংস্থান ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এ ক্ষেত্রে আবেদনকারীকে পুরো গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পূর্ণকালীনভাবে সম্পন্ন করতে হবে। পাশাপাশি স্নাতক সনদ এবং একাডেমিক ফলাফলের কপি জমা দিতে হবে।

ভিসার মেয়াদ কতদিন?

পড়াশোনা-পরবর্তী কর্মসংস্থান ভিসার মেয়াদ হবে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের সময়সীমার সমান। তবে সর্বোচ্চ এক বছর পর্যন্ত এই ভিসা দেওয়া হবে। বর্তমান নিয়ম অনুযায়ী একজন আবেদনকারী জীবনে একবারই এই ভিসা পাওয়ার সুযোগ পাবেন।

যাঁদের স্নাতক ডিগ্রি নেই

স্নাতক ডিগ্রি না থাকলেও কিছু গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী পড়াশোনা-পরবর্তী কর্মসংস্থান ভিসার জন্য বিবেচিত হতে পারবেন। তবে তাঁদের অর্জিত যোগ্যতা নিউজিল্যান্ডের গ্রিন লিস্টভুক্ত হতে হবে এবং সংশ্লিষ্ট পেশায় কাজ করতে হবে।

অন্যদিকে, যাঁদের যোগ্যতা গ্রিন লিস্টে নেই, তাঁরা নতুন ছয় মাস মেয়াদি গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

নিউজিল্যান্ড কর্তৃপক্ষের আশা, নতুন এই ভিসা ব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ বাড়াবে এবং দক্ষ গ্র্যাজুয়েটদের দেশটিতে কর্মজীবন শুরু করার পথ আরও সহজ করবে।