https://www.voiceofpeople24.com/
4417
lifestyle
লাইফস্টাইল
প্রকাশিত : ০৪ জুন ২০২৬ ১২:২০
গ্রীষ্ম এলেই বাজার ভরে ওঠে আমে। মিষ্টি ও রসালো এই ফলের প্রতি আকর্ষণ কমবেশি সবারই রয়েছে। তবে আমের প্রাকৃতিক মিষ্টতার কারণে ডায়াবেটিস রোগীদের মধ্যে প্রায়ই একটি প্রশ্ন দেখা যায়—তাদের জন্য পাকা আম খাওয়া কতটা নিরাপদ?
ভারতীয় গণমাধ্যম আজকাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াবেটিস রোগীদের জন্য আম পুরোপুরি নিষিদ্ধ নয়। চিকিৎসকদের মতে, পরিমিত পরিমাণে এবং সঠিক সময়ে আম খেলে ডায়াবেটিস রোগীরাও এর স্বাদ উপভোগ করতে পারেন। তবে অতিরিক্ত আম খাওয়া থেকে বিরত থাকতে হবে। সাধারণভাবে দিনে একটি আম খাওয়াই উপযুক্ত বলে পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা জানান, ভারী খাবারের সঙ্গে পাকা আম খাওয়া এড়িয়ে চলা উচিত। সকালের নাশতা ও দুপুরের খাবারের মাঝামাঝি সময় আম খেলে শরীর তুলনামূলক ভালোভাবে তা গ্রহণ করতে পারে। আমের সঙ্গে বাদাম, স্প্রাউটস বা শসার মতো খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকিও কিছুটা কমে।
তবে ডায়াবেটিস রোগীদের জন্য আমের জুস, পুডিং, আইসক্রিম কিংবা অন্যান্য আমভিত্তিক ডেজার্ট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এসব খাবারে অতিরিক্ত চিনি ও ক্যালোরি থাকতে পারে, যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে।
এ ছাড়া রাতের খাবারের পর বা গভীর সন্ধ্যায় পাকা আম না খাওয়াই ভালো বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সঠিক পরিমাণ ও সময় মেনে খেলে ডায়াবেটিস রোগীরাও মৌসুমি এই জনপ্রিয় ফলের স্বাদ উপভোগ করতে পারেন।