https://www.voiceofpeople24.com/
4419
sylhet
সিলেট
প্রকাশিত : ০৪ জুন ২০২৬ ১৩:৩০
সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৭৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের একটি বাড়ি থেকে এসব জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিপাড়া গ্রামের জমির উদ্দিনের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ সংশ্লিষ্ট চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চারিকাটা ইউনিয়নের বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে ভারতীয় পণ্য দেশে এনে মজুদ করা হচ্ছিল। চোরাচালান চক্রের নেতা শাহজানের নেতৃত্বে এসব পণ্য হরিপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন গুদামে সংরক্ষণ করা হতো বলে অভিযোগ রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় চোরাকারবারীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন গুদামে পণ্য মজুদ করে দ্রুত সরিয়ে ফেলত। এসব কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ বিশেষ কৌশলে অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, চোরাচালান সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুদাম ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। যদিও অভিযানের সময় অনেক গুদামে কোনো পণ্য পাওয়া যায়নি, তবুও সেগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।