https://www.voiceofpeople24.com/

4664

sylhet

মৌলভীবাজার

বন্যার তাণ্ডবে মৌলভীবাজারে বিধ্বস্ত প্রায় ৪ হাজার ঘরবাড়ি

প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬ ১৯:০৬

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। মনু ও ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় চার হাজার কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চার উপজেলার ২৮টি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করে। পানির তীব্র স্রোতে অনেক কাঁচা ও আধাপাকা ঘর ধসে পড়ে বা বসবাসের অনুপযোগী হয়ে যায়। এখন পর্যন্ত ৩ হাজার ৯৩২টি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২ হাজার ৪৯৩টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং ১ হাজার ৪৩৯টি ঘর আংশিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা ক্ষয়ক্ষতির এই তালিকা প্রস্তুত করেছেন।

রাজনগর উপজেলার বাসিন্দা রাসেল মিয়া জানান, বন্যার পানিতে তাঁর ঘরের এক পাশ ভেঙে গেছে। আর্থিক সংকটের কারণে ঘর মেরামত করা সম্ভব হচ্ছে না। ঝুঁকিপূর্ণ অবস্থাতেই পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতে হচ্ছে বলে জানান তিনি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ইতোমধ্যে ঢেউটিন, চাল, শুকনো খাবার এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।