https://www.voiceofpeople24.com/
4658
national
জাতীয়
প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬ ১৯:৩৯
চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে দুটি ভুল প্রশ্ন থাকায় ওই প্রশ্ন দুটির জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উঠে আসে।
রুমিন ফারহানা বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহর জলাবদ্ধ হয়ে পড়লেও শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ পেছানোর দাবি বিবেচনায় নেওয়া হয়নি। এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে এক বা দুই দিনের জন্য পরীক্ষা স্থগিত না করার কারণ জানতে চান তিনি।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ছিল। তবে এসব প্রশ্ন বর্তমান সরকারের আমলে তৈরি হয়নি। তিনি জানান, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে, অথচ প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের কাজ প্রায় দুই বছর আগে থেকেই শুরু হয়। ফলে আগের প্রক্রিয়ায় প্রস্তুত হওয়া প্রশ্নপত্রই পরীক্ষায় ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেন, ভুল শনাক্ত হওয়ার পরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন।
পরীক্ষা পেছানো প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। সারাদিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং তাদের মতে, দেশের অধিকাংশ কেন্দ্রে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুধু কুমিল্লা সরকারি মহিলা কলেজে কিছু সমস্যা দেখা দিলেও শেষ পর্যন্ত সেখানেও পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।