https://www.voiceofpeople24.com/
4729
whole-country
সুনামগঞ্জ
প্রকাশিত : ২৭ জুলাই ২০২৬ ১৩:৩৮
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ খোদাই করা চৌম্বকীয় বৈশিষ্ট্যের একটি প্রাচীন লোহার সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা রূপ মিয়া ওরফে রুক্কিয়ার বাড়ি থেকে পিলারটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রূপ মিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১১টার দিকে মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় কয়েকজন যুবক রূপ মিয়ার বাড়িতে অভিযান চালান। মাদক অনুসন্ধানের সময় তারা একটি ভারী লোহার পিলার দেখতে পান। পিলারটির এক পাশে দুটি তার সংযুক্ত ছিল এবং গায়ে ইংরেজিতে “East India 1818” লেখা খোদাই করা রয়েছে।
উদ্ধারের পর বস্তুটি সাময়িকভাবে স্থানীয় এক ব্যক্তির হেফাজতে রাখা হয়। পরে বিষয়টি শাল্লা থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিলারটি জব্দ করে থানায় নিয়ে যায়।
আটগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মো. নূরুল হক বলেন, স্থানীয় যুবকদের মাদকবিরোধী অভিযানের সময়ই পিলারটির সন্ধান পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা সেটি নিজেদের হেফাজতে নেয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী জানান, রূপ মিয়া একজন চিহ্নিত মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লোহার পিলারটি থানায় নিয়ে এসেছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বস্তুটির প্রকৃত পরিচয় ও ঐতিহাসিক গুরুত্ব যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বর্তমানে পিলারটি থানা হেফাজতে রয়েছে।