https://www.voiceofpeople24.com/
4724
national
প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬ ১৪:১৫
২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধন আগামীকাল ২৭ জুলাই (সোমবার) থেকে শুরু হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এই নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহী হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত রোডম্যাপ অনুসরণ করেই এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
হজে যেতে আগ্রহীদের প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে সরকারি বা বেসরকারি—যেকোনো মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করা যাবে। প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য ই-হজ সিস্টেম (hajj.gov.bd)-এ নিজস্ব অ্যাকাউন্ট খুলে আবেদন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।
সরকারি মাধ্যমে হজে যেতে ইচ্ছুকদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। আর বেসরকারি মাধ্যমে নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। পাশাপাশি হৃদ্রোগ, ফুসফুস, লিভার বা কিডনি জটিলতা, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং কেমোথেরাপি, রেডিওথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপি গ্রহণরত ক্যানসার রোগীরা হজের অনুমতি পাবেন না।
এছাড়া যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদেরও ফিটনেস সনদ দেওয়া হবে না।
প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে।