https://www.voiceofpeople24.com/

4714

national

জাতীয়

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন ?

প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬ ১৪:০৪

আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে নির্বাচনের আগেই রাজনৈতিক অঙ্গনে আন্দোলন শুরু হয়েছিল। নির্বাচন শেষে নতুন রাষ্ট্রপতি কে হবেন—এ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। অবশেষে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়েছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ফলে এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয়—বঙ্গভবনের নতুন বাসিন্দা কে হচ্ছেন।

ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির পক্ষ থেকেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। দলীয় সূত্রের দাবি, এ মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এগিয়ে রয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সংকটময় সময়ে দলের নেতৃত্ব এবং সর্বমহলে গ্রহণযোগ্য ভাবমূর্তির কারণে তিনি দলের অনেক নেতাকর্মীর প্রথম পছন্দ।

তবে আলোচনায় শুধু মির্জা ফখরুলের নামই নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান এবং আবদুল মঈন খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি দলের সংকটকালে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামও কিছু মহলে আলোচিত হচ্ছে।

এছাড়া এবার দেশের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। সেই বিবেচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমানের নামও বিভিন্ন মহলে উচ্চারিত হচ্ছে।

দলীয় নেতাদের পাশাপাশি রাজনীতির বাইরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নামও গুঞ্জনে রয়েছে। তাঁদের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও আলোচনায় এসেছে। তবে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা ইঙ্গিত দিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

এক জ্যেষ্ঠ নেতা বলেন, রাষ্ট্রপতি দলের ভেতর থেকেই নির্বাচিত হবেন। তবে আরেক নেতা রসিকতার সুরে মন্তব্য করেন, ‘বিএনপির সিদ্ধান্ত শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তন হতে পারে, তাই আগাম কিছু বলা কঠিন।’

এখন রাজনৈতিক মহলের দৃষ্টি একটাই প্রশ্নে—বিএনপি শেষ পর্যন্ত কাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়।