https://www.voiceofpeople24.com/

4784

sylhet

সিলেট

রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণে শাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬ ১০:৫৩

জুলাই গণ-অভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণ ও প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রুদ্র সেনের বিভাগ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণ ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা দুটি প্রধান দাবি উত্থাপন করেন। তাঁদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রুদ্র সেনের স্মরণে ক্যাম্পাসে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং ৫ আগস্টের মধ্যে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে। পাশাপাশি ‘শহীদ রুদ্র সেন লেক’-এ সুস্পষ্ট ও নান্দনিক নামফলক স্থাপন, লেকের সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং লেকের অস্তিত্বের জন্য ক্ষতিকর সব কার্যক্রম বন্ধ করে প্রয়োজনীয় উন্নয়ন ও সংরক্ষণমূলক উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক (পদ স্থগিত) জহিরুল ইসলাম। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শাবিপ্রবির একমাত্র শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণের দাবিতে দুই বছর ধরে আন্দোলন করতে হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুঃখজনক। তাঁর ভাষায়, রুদ্র সেন কেবল একজন শহীদ নন, তিনি শাবিপ্রবির শিক্ষার্থীদের ঐক্যের প্রতীক।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক শাকিল মাহমুদ বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জীবন উৎসর্গকারীদের যথাযথ সম্মান নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে কেউ গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে অনুপ্রাণিত হবে না। তিনি জানান, রুদ্র সেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তাঁদের দীর্ঘদিনের কষ্ট ও প্রত্যাশার কথা উঠে এসেছে। পরিবার চায়, দ্রুত ক্যাম্পাসে রুদ্র সেনের নামে একটি স্থায়ী স্মৃতিফলক স্থাপন এবং তাঁর প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা হোক।

অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের কাছে দুই দফা লিখিত দাবি হস্তান্তর করেন।

উল্লেখ্য, রুদ্র সেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের হামলার মধ্যে পার্শ্ববর্তী সুরমা আবাসিক এলাকার একটি খালে পড়ে তিনি নিহত হন।