https://www.voiceofpeople24.com/

4782

whole-country

সুনামগঞ্জ

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ

প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬ ১১:০৬

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওরের ভেতরে সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ ও চলাচল বন্ধ থাকবে।

একই সঙ্গে হাওরে চলাচলকারী সব হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের মালিক এবং পরিচালনাকারীদের আগামী ১০ আগস্টের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে এসব নৌযান দিয়ে পর্যটন কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না।

শনিবার জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫’ অনুসারে হাওরের পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ১১টি নির্দেশনা কার্যকর করা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নতুন নিয়ম অনুযায়ী, হাউসবোটে উচ্চ শব্দে গান-বাজনা, মাইক ব্যবহার এবং পার্টির আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারও বন্ধ করা হয়েছে।

হাউসবোট পরিচালনার ক্ষেত্রে পরিবেশ ও নিরাপত্তার জন্য বেশ কিছু বাধ্যতামূলক শর্ত দেওয়া হয়েছে। প্রতিটি নৌযানে বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয়, অগ্নিনির্বাপক সরঞ্জাম এবং নিরাপদ গ্যাস ব্যবস্থাপনা থাকতে হবে। এছাড়া পয়োবর্জ্য ব্যবস্থাপনার জন্য সেপটিক ট্যাংক, কমপক্ষে দুটি ডাস্টবিন রাখা এবং কোনো ধরনের বর্জ্য হাওর বা জলাশয়ে না ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। হাউসবোটের সর্বোচ্চ দৈর্ঘ্য ১০০ ফুটের মধ্যে রাখার কথাও বলা হয়েছে।

এ ছাড়া পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন, জরুরি সেবা সংস্থার যোগাযোগ নম্বর সংরক্ষণ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়, ভারী বৃষ্টি বা বজ্রপাতের মতো পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ আগস্টের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে হবে। সময়সীমার মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট নৌযান পর্যটন কার্যক্রম চালানোর অনুমতি পাবে না এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের আশা, এসব বিধিনিষেধ কার্যকর হলে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি নিরাপদ ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।