https://www.voiceofpeople24.com/
4780
sports
প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬ ১০:৫৪
দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিয়ের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে আগামী এক সপ্তাহের মধ্যেই এই তারকা জুটি বিয়ে করতে পারেন বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মাদেইরার ফুনচাল শহরের একটি ক্যাথেড্রালে রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান হতে পারে। পরে অতিথিদের জন্য ফুনচালের বিলাসবহুল পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলে আয়োজন করা হবে। হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু জায়গা সাময়িক বন্ধ রাখার তথ্যও জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ফুনচাল শহরেই রোনালদোর শৈশব কেটেছে। বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ হলেও তাঁর শৈশব ছিল কঠিন সংগ্রামের। অল্প বয়সে পরিবার ছেড়ে লিসবনের স্পোর্তিং সিপি একাডেমিতে যোগ দেন তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর সফল ফুটবল ক্যারিয়ার।
ক্লাব ফুটবলে স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসরের হয়ে খেলেছেন রোনালদো। প্রতিটি ক্লাবেই তিনি অর্জন করেছেন শিরোপা ও ব্যক্তিগত সাফল্য। ২০২৩ সাল থেকে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন এই পর্তুগিজ তারকা।
সম্প্রতি বিশ্বকাপে শিরোপার স্বপ্ন পূরণ না হওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রোনালদো। এবার ফুটবল মাঠের ব্যস্ততার বাইরে নিজের জন্মশহর ফুনচালে নতুন জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। শহরটিও রোনালদোর প্রতি সম্মান জানিয়ে তাঁর নামে ভাস্কর্য ও একটি হোটেলের নামকরণ করেছে।