https://www.voiceofpeople24.com/
4790
sports
ক্রিকেট
প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬ ১৫:৫১
২০২৬ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত হলেও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের সূচি, ভেন্যু ও অন্যান্য আনুষ্ঠানিক ঘোষণা দিতে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বর্তমানে এসিসির সভাপতির দায়িত্ব পালন করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আট দলের এই টুর্নামেন্ট। অংশগ্রহণ করবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
যদিও আনুষ্ঠানিক সূচি এখনো প্রকাশ করা হয়নি, এসিসি অংশগ্রহণকারী দেশগুলোকে সম্ভাব্য তারিখ মাথায় রেখে প্রস্তুতি চালিয়ে যেতে বলেছে। জানা গেছে, গত ২২ জুলাই সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক ই-মেইলে টুর্নামেন্টের লোগোও পাঠানো হয়। এসিসির পরিকল্পনা অনুযায়ী, দলগুলো ২৭ আগস্টের মধ্যে আমিরাতে পৌঁছাবে।
এদিকে ভ্রমণ পরিকল্পনা ও অন্যান্য লজিস্টিকস চূড়ান্ত করতে অংশগ্রহণকারী দেশগুলো এসিসির আনুষ্ঠানিক সূচির অপেক্ষায় রয়েছে। সূচি প্রকাশ না হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোববার দল ঘোষণা করেও পরে তা প্রত্যাহার করে নেয়।
সর্বশেষ ২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি আসরে স্বাগতিকরা ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। এর আগে ২০১৮ সালে ভারতকে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ।