https://www.voiceofpeople24.com/

4810

sports

ডাকাতদের হামলায় প্রাণ গেল উগান্ডার ফুটবল অধিনায়কের

প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬ ১৯:১৮

মাত্র ২৭ বছর বয়সেই শেষ হয়ে গেল উগান্ডার ফুটবলার ডেভিড ওয়োরির জীবন। রাজধানী কাম্পালায় নিজ বাড়ির অদূরে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তাঁর মৃত্যুতে উগান্ডার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ জানায়, বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত ওয়োরির মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে হামলাকারীরা নির্মমভাবে তাঁর ওপর আক্রমণ চালায়। পরে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার রাতে সংঘটিত ওই হামলায় হামলাকারীরা পেভিং স্টোন বা পাথরের ব্লক দিয়ে ওয়োরিকে আঘাত করে। তিনি অচেতন হয়ে পড়লে তাঁর কাছ থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ডেভিড ওয়োরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তাঁর ক্লাব এসসি ভিলা। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, তারা শুধু একজন ফুটবলার নয়, একজন নেতা, সতীর্থ ও প্রিয় বন্ধুকেও হারিয়েছে। ক্লাবের মুখপাত্র আসান কাসিংয়ে বলেন, বাড়ির কাছেই ওঁৎ পেতে থাকা হামলাকারীরা ওয়োরির ওপর অতর্কিত হামলা চালায়, যার ফলে তিনি গুরুতর আহত হন।

উল্লেখ্য, ডেভিড ওয়োরি ছিলেন উগান্ডা প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব এসসি ভিলার অধিনায়ক। দেশের সর্বোচ্চ ১৭ বারের লিগ চ্যাম্পিয়ন ক্লাবটির হয়ে তিনি রাইটব্যাক ও মিডফিল্ড—দুই পজিশনেই খেলেছেন। এছাড়া উগান্ডা জাতীয় ফুটবল দলের জার্সিতেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংস অপরাধ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।