https://www.voiceofpeople24.com/
4673
sports
প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬ ১৬:২৮
বিশ্বকাপের ফাইনালের মতো বড় ম্যাচে ক্ষুদ্র একটি সিদ্ধান্তও ম্যাচের ফল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে। সেই কারণেই আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াইয়ের আগে ম্যাচ পরিচালনা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁর প্রত্যাশা, ফাইনালে দায়িত্বপ্রাপ্ত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ যেন কঠোরভাবে ফুটবলের নিয়ম প্রয়োগ করেন।
স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, "রেফারিকে কোনোভাবেই শিথিলতা দেখানো যাবে না। নিয়মের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। ফুটবলের বৈধ সীমারেখা যেন কোনো পরিস্থিতিতেই অতিক্রম না হয়।"
রেফারিদের প্রতি নিজের পূর্ণ আস্থার কথাও জানিয়েছেন স্প্যানিশ এই কোচ। তাঁর ভাষায়, "রেফারিদের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। পাশাপাশি আমরা জানি, কী ধরনের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে।"
উল্লেখ্য, ফাইনালের দায়িত্ব পাওয়া স্লাভকো ভিনচিচ এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ পরিচালনা করেছিলেন। সেই ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল লিওনেল মেসির দল। এবারও গুরুত্বপূর্ণ এক ম্যাচে তাঁর হাতেই থাকছে আর্জেন্টিনার খেলার দায়িত্ব।
ফাইনালকে সামনে রেখে প্রতিপক্ষের চেয়ে নিজেদের খেলার ধরনেই বেশি গুরুত্ব দিচ্ছেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, "আর্জেন্টিনা তাদের স্বাভাবিক খেলাই খেলবে। তবে আমাদের মনোযোগ থাকবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে। নিজেদের কৌশল ও দর্শন থেকে সরে গেলে আমাদেরই সমস্যায় পড়তে হবে। তাই আমরা নিজেদের শক্তির জায়গাগুলো আরও কার্যকর করার চেষ্টা করব।"
বিশ্বকাপের ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেন কোচ। তাঁর মতে, "প্রতি বছর যদি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারি, এমনকি হারলেও সেটি গ্রহণযোগ্য। কারণ ফাইনালে পৌঁছানোই সবচেয়ে কঠিন কাজ। সেখানে জয়ের সুযোগ তৈরি করাই আসল লক্ষ্য। আমরা নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ব, প্রতিপক্ষের শক্তি কমিয়ে আনার চেষ্টা করব। আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল এবং দারুণ ছন্দে রয়েছে। আমরা মুহূর্তটিকে উপভোগ করব এবং নিজেদের খেলাতেই জয়ের পথ খুঁজব।"