https://www.voiceofpeople24.com/

4740

sylhet

হবিগঞ্জ

হবিগঞ্জে হামলার পর এনসিপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬ ০৯:৫৫ | আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ১১:০৯

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। দলটির অভিযোগ, হামলার শিকার হওয়া নেতা-কর্মীদের বিরুদ্ধেই বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পাশাপাশি আজকের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ভণ্ডুল করতে জেলা আহ্বায়ক ও সদস্যসচিবসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও দাবি করেছে এনসিপি।

এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের (সিলেট বিভাগ) সংগঠক নাহিদ উদ্দিন তারেক। তিনি জানান, উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মৌলভীবাজারে নির্ধারিত দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এর পরিবর্তে হবিগঞ্জে বিএনপির হামলার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নাহিদ উদ্দিন তারেক।